শুক্রবার
১২ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের খুচরা বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরেই আলু ছাড়া প্রায় সব সবজির দাম চড়া। এর সঙ্গে যুক্ত হয়েছে চাল ও মুরগির দাম বৃদ্ধির চাপ। তবে সামান্য স্বস্তি মিলেছে ডিমের বাজারে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নগরীর রিয়াজউদ্দিন বাজার, নতুন বাজার ও হাজি পাড়া বাজার ঘুরে দেখা গেছে, সবজি, মাছ, মুরগি, শাক-ডালসহ বেশিরভাগ পণ্যের দামই বেড়েছে।
মুরগি ও ডিম
এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। তবে সরবরাহ বাড়ায় ডিমের দাম ডজনে ৫-১০ টাকা কমেছে। বর্তমানে ব্রয়লার ডিম (লাল) বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজনে, যদিও কিছু খুচরা দোকানে এক হালি ডিম এখনো ৫০ টাকা রাখা হচ্ছে।
মাছের বাজার
গত সপ্তাহে সামুদ্রিক ও খাল-নদীর মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে কোরাল ৮০০-৯০০ টাকা, আইড় ৬০০-৭৫০ টাকা, চিংড়ি ৭৫০-১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাষের রুই কেজিপ্রতি ৩৫০-৫৫০ টাকা, কাতলা ৩৫০-৪৫০ টাকা, পাবদা ৪০০-৬০০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা এবং তেলাপিয়া ২৫০-৩০০ টাকায় পাওয়া যাচ্ছে।
সবজির দাম
সবজির বাজারে সবচেয়ে বেশি চাপ পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর। আলু ও পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির কেজি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বেগুন ১০০-১৪০ টাকা, বরবটি ও করলা ১০০-১২০ টাকা, ঝিঙ্গা, পটল ও ঢ্যাঁড়স ৮০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। শাকের দামও বেড়েছে—লাল শাক বা কলমি ২০ টাকা আঁটি, পুঁইশাক ৪০-৫০ টাকা আঁটি।
চালের বাজার
চালের দামও উর্ধ্বমুখী। মিনিকেট চাল কেজি ৭২-৮৫ টাকা, নাজিরশাইল ৭৫-৯৫ টাকা, ব্রি-২৮ চাল ৬২ টাকা এবং মোটা চাল (স্বর্ণা) ৫৮-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও গত দুই সপ্তাহে মিনিকেটে কেজিপ্রতি এক-দুই টাকা কমেছে।
ব্যবসায়ী ও ক্রেতাদের মত
হাজিপাড়া বাজারের বিক্রেতা আবু সাইদ বলেন, “সবজি-মাছসহ পণ্যের চাহিদা বেশি, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে মুরগি ২০০ টাকা পর্যন্ত হওয়াকে আমরা স্বাভাবিক মনে করি।”
অন্যদিকে ক্রেতারা বলছেন, প্রতিদিনের বাজার এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সবজি ও চালের দামে অস্থিরতা তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। এভাবেই চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিত্যপণ্যের দাম বৃদ্ধির বোঝা কাঁধে চাপিয়ে দিচ্ছে সাধারণ ক্রেতাদের ওপর।