শুক্রবার
১২ সেপ্টেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে হামদ-নাত পরিবেশনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর ঐতিহাসিক চেরাগী পাহাড়ের বৈঠকখানা কমিউনিটি হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজনে হামদ-নাত পরিবেশনার মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। পরে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল।
মোনাজাত পরিচালনা করেন খাজা নিজাম উদ্দিন আউলিয়া দরগাহ শরীফের খলিফা মাওলানা শাহ ফাইজুল কাবির বদরী। তিনি বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শই মানবতার মুক্তির পথ। আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য প্রিয় নবীর শিক্ষা অনুশীলন জরুরি।”
অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাফর ইকবালসহ অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বক্তারা ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বলেন, “সকল ঈদের মধ্যে শ্রেষ্ঠ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা যদি সমাজে বাস্তবায়ন করা যায়, তবে দুনিয়ায় ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, “ঈদে মিলাদুন্নবী (সা.) কেবল একটি ধর্মীয় দিবস নয়, এটি মানবতার মুক্তির আলোকবর্তিকা। মহানবী (সা.)-এর আদর্শে গড়ে উঠতে পারলেই সমাজ থেকে হানাহানি, বৈষম্য ও অন্যায় দূর হবে। সময় এসেছে নবীর শিক্ষা অনুসরণ করে একটি মানবিক সমাজ গঠনের।”
এ সময় আরও উপস্থিত ছিলেন লেখক নেছার আহমেদ খান, হাসান মুরাদ চৌধুরী মামুন, আবছার উদ্দিন অলি, শায়ের মুহাম্মদ আশরাফুল ইসলাম, আলহাজ্ব কবির মোহাম্মদ, আসাদুর রহমান আসাদ, সালমা বেগম, ইলিয়াস ইলু, মুহাম্মদ নাঈম হোসাইন, রোজি চৌধুরী, শাহরিয়ার মুনির জিসান, জয়নাল আবেদীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং ঐক্য কামনায় বিশেষ দোয়া করা হয়।