রবিবার
১৪ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনীতি করার মানে এমপি-মন্ত্রী হওয়া নয়, জনগণের স্বার্থে কাজ করাই প্রকৃত রাজনীতি। তিনি বলেন, “রাজনীতি করতে হলে জনগণের জন্য করতে হবে। এমপি-মন্ত্রী হওয়ার জন্য পাগল হওয়া উচিত নয়।”
শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন (হিউরাফ) আয়োজিত ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, যদি নিঃস্বার্থভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, তবে আগে নিজেদের স্বার্থ ত্যাগ করতে হবে। তাহলেই ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব। তিনি অভিযোগ করেন, বিএনপিকে ভারতের দালাল বলা হচ্ছে। অথচ যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, তারাই নতুন বৈষম্য তৈরি করছেন। এতে গণতন্ত্রের পথ থেকে দেশ সাম্প্রদায়িক উন্মাদনার দিকে ধাবিত হচ্ছে, যা ফ্যাসিবাদের চেয়েও ভয়াবহ।
অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন দুই বছর সময় নেয়? তাদের মেয়াদ অনন্তকালও হতে পারে না।
ধর্ম প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মৌলবাদীরা বেহেস্তের টিকিট বিক্রি করছে। ধর্ম ও রাষ্ট্রের মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই, আছে অপব্যাখ্যা। আর সেই অপব্যাখ্যার কারণেই মানুষ ন্যায়ের কথা বলতে পারছে না।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিউরাফের আহ্বায়ক আহমেদ হুসেইন।