মঙ্গলবার
১৬ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রতিবছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা এ বছর এগিয়ে ডিসেম্বর বা জানুয়ারিতে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেন, “ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কারণে নিরাপত্তা ও মানুষের আগ্রহ নিয়ে সমস্যা হতে পারে। এজন্য প্রকাশকেরা প্রস্তাব দিয়েছেন, আমরা যেন ডিসেম্বর-জানুয়ারির মধ্যে মেলা করি।”
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি লিখিতভাবে মেলা কর্তৃপক্ষকে তিনটি সময়ের প্রস্তাব দিয়েছে— ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি, ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।
প্রকাশকদের দাবি, ফেব্রুয়ারির পরে মেলা করলে বইমেলার আমেজ থাকবে না এবং আবহাওয়ার কারণে আয়োজনও কঠিন হবে। পাশাপাশি, মেলার মেয়াদ কমিয়ে ১৫ দিনে সীমিত রাখলে খরচ কমবে এবং কার্যক্রম আরও সফল হবে।
বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাশ বলেন, “ফেব্রুয়ারির পরে মেলা করলে আমেজ থাকবে না। মাসব্যাপী মেলারও প্রয়োজন নেই। পৃথিবীর কোথাও এত দীর্ঘ সময় বইমেলা হয় না।”
উল্লেখ্য, ১৯৭২ সালে ভাষা দিবসে বাংলা একাডেমি প্রাঙ্গণে বই বিক্রির মধ্য দিয়ে বইমেলার সূচনা হয়। ১৯৭৭ সালে মুক্তধারাসহ আরও প্রকাশক যুক্ত হয়ে এ মেলার ধারাবাহিকতা শুরু হয়। বর্তমানে মেলা অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে।
এই প্রস্তাবনা নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।