সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৯ সেপ্টেম্বর ২০২৫

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

হানিয়া আমির ঢাকায়, বাংলায় শুভেচ্ছা বার্তা ভাইরাল

বিনোদন ডেস্ক:: পাকিস্তানের প্রখ্যাত অভিনেত্রী হানিয়া আমির বৃহস্পতিবার রাতেই ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি ঢাকায় অবস্থানের খবর নিশ্চিত করেন।

এরপর সন্ধ্যায় তিনি ভক্তদের উদ্দেশ্যে বাংলায় লেখা এক বিশেষ বার্তা দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। পোস্টে হানিয়া লিখেছেন, “আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?” সঙ্গে দিয়েছেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা এবং একটি লাভ ইমোজি।

আয়োজক সূত্র জানায়, আগামী ২০ সেপ্টেম্বর হানিয়া ঢাকার শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরদিন ২১ সেপ্টেম্বর তিনি ফটোশুটে অংশ নেবেন এবং ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন।

২০১৬ সালে অভিনয়ের যাত্রা শুরু করা হানিয়া ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। সম্প্রতি বলিউডে ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে তার।

হানিয়া কমেডি, রোমান্টিক এবং চরিত্রাভিনয় সব ধরনের চরিত্রেই সুনাম কুড়িয়েছেন। তিনি গানেও দক্ষ। বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এ তারকার ধারাবাহিকপ্রতি পারিশ্রমিক চার লাখ রুপি, মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি।

বর্তমানে ২৮ বছর বয়সী হানিয়া আমিরের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি।