সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২২ সেপ্টেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জাতিসংঘে বাংলাদেশের অঙ্গীকার জানাতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

সূত্র জানায়, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন।

ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’। জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে এটি হবে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।

২৫ সেপ্টেম্বর তিনি যুব কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকে যোগ দেবেন। এছাড়া শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নিরাপদ অভিবাসন, অবৈধ অর্থপাচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার মতো বিষয়ও তার ভাষণে গুরুত্ব পাবে।

সফরকালে অধ্যাপক ইউনূস জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় যোগ দেবেন। তিনি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন।

এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অংশ নেবেন কমনওয়েলথ, পিসবিল্ডিং কমিশন, জি-৭৭ ও চীন, নারী-শান্তি ও নিরাপত্তা, ওআইসি, বিমসটেক, সিকা ও এলডিসি মন্ত্রীপর্যায়ের বৈঠকে। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।