বৃহস্পতিবার
২৫ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ওই কলেজের শিক্ষার্থীরা।
এর আগে গত ২০ সেপ্টেম্বর দুপুরে নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের লাউর গ্রামের একটি পুকুরে অস্টাদশী কলেজছাত্রী জুঁইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। ফারজানা আক্তার জুঁই লাউর গ্রামের দরিদ্র আবুল হাসনাতের মেয়ে।
তিনি ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন।
এলাকাবাসী জানান, জুঁইয়ের মরদেহ উদ্ধারের পর তখন ওই পুকুরে জ্বিনের আছরে জুঁইয়ের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়। তবে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, এটি অপপ্রচার। মূলত জুঁই দেখতে খুবই সুশ্রী ছিল।
আমাদের বিশ্বাস, তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে খুনিরা। সেজন্যই আমরা আজ এই হত্যার প্রতিবাদে মানববন্ধন করে এর সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি করেছি।
এদিকে, জুঁইয়ের পরিবারও প্রথমে এটিকে জ্বিনের আছর বললেও, এখন এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে এটি হত্যাকাণ্ড দাবি করে খুনিদের গ্রেপ্তার দাবি করছেন।
ওই গ্রামের অবসরপ্রাপ্ত এক শিক্ষক বলেন, আমরা জানি এদেশে খুনের তেমন বিচার হয় না। তবে আমরা জুঁইয়ের মতো এতো সুশ্রী ও ভালো একটা মেয়েকে কারা খুন করেছে, অন্তত খুনিদের নামগুলো জানতে এর সঠিক তদন্ত চাই।
কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, জুঁইয়ের এ মৃত্যু আমরা কেউ মানতে পারছি না। তাই অবশ্যই এ মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম বলেন, জুঁইয়ের মরদেহ উদ্ধারের পর পরিবার থেকে কোনো অভিযোগ করেনি। এরপরও আমরা ময়নাতদন্ত করেছি।
বর্তমানে পিবিআইসহ একাধিক পুলিশের সংস্থা গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।