রবিবার
২৮ সেপ্টেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের তৎপরতায় সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১৫ লাখ ৩৬ হাজার টাকা এবং নগদ টাকা ৪৮ হাজার ৯০০।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সকাল ৬টা ১০ মিনিটে সাইফুল ইসলাম (৩৯) তার স্ত্রী ও পরিবারকে নিয়ে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন এলাকার গ্রামীনমাঠে পৌঁছে সিএনজির ভাড়া পরিশোধ করে নেমে যান তিনি। এসময় অসাবধানতাবশত তার সঙ্গে থাকা ব্যাগটি সিএনজির ভেতরে ফেলে যান। ব্যাগটিতে ছিল তার স্ত্রীর ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা।
পরবর্তীতে ব্যাগ না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তিনি কোতোয়ালী থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নির্দেশে ইন্সপেক্টর (অপারেশন্স) মীর মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এসআই বাহার মিয়া, এসআই তারেকুল ইসলামসহ একটি টিম অভিযানে নামে।
সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সিএনজির নম্বর সনাক্ত করা হয়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানাধীন বাদিয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে সিএনজির চালককে শনাক্ত করা হয়। তার দেখানো মতে সিএনজির ভেতর থেকে স্বর্ণ ও নগদ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজির মালিক ও চালককে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।