সোমবার
২৯ সেপ্টেম্বর ২০২৫
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর পূজামণ্ডপ গুলোয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব-৭। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট, রোবাস্ট পেট্রোলিং এবং সাদা পোশাকের টিম নিয়োজিত রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরের রহমতগঞ্জ জে এম সেন হলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দুর্গাপূজায় যাতে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেজন্য ২৬ সেপ্টেম্বর থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরসহ প্রায় ২৫টি স্থানে নিয়মিত চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব শনাক্ত ও প্রতিরোধে একটি বিশেষ টিমও কাজ করছে।
র্যাব অধিনায়ক বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও সতর্ক থাকতে হবে।”
প্রেস ব্রিফিংয়ের আগে তিনি নগরের পাঁচটি পূজামণ্ডপ— দীপিকা সংঘের ভৈরব বাড়ি, মহাজন ঘাটা ও জে এম সেন হলে পূজামণ্ডপসহ কয়েকটি স্থানে পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।