বুধবার
০১ অক্টোবর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেবু প্রদেশের বোগো শহরে, যেখানে প্রাণ হারিয়েছেন ১৯ জন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সেবু সিটির উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, বহু ভবন ধসে পড়ে ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছিল ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। তবে কিছু সময় পর তা প্রত্যাহার করা হয়। সংস্থাটি জানায়, সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন হলেও এর প্রভাব কেটে গেছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত বোগো শহরে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। সেখানে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১১৯ জন। এছাড়া সান রেমিজিও পৌরসভা, দানবান্তায়ানসহ একাধিক শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পের সময় সান রেমিজিওতে একটি ক্রীড়া কমপ্লেক্সে বাস্কেটবল খেলা চলছিল। ভবনের কিছু অংশ ধসে পড়লে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।
সেবু প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চলছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতীয় দুর্যোগ সংস্থার হিসাবে, সর্বশেষ প্রাপ্ত তথ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬। টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বোগো, সান রেমিজিও ও দানবান্তায়ান এলাকাগুলোতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।