বুধবার
০১ অক্টোবর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানী ঢাকায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার দিবাগত রাত ১টার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকায় শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে সকাল থেকে অফিসগামী মানুষ, পথচারী ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
নিউ মার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে পানিবন্দি হয়ে পড়ে যানবাহন। অনেক জায়গায় সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে যায়, আটকা পড়েন যাত্রীরা। সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও বেশ কিছু সড়কে যানজটের চাপও লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের ওপর ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় “প্রবাহ”। এটি ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় সক্রিয় থাকবে। চলতি বছরের এটিই ১৩তম বৃষ্টিবলয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অধিদপ্তর আরও জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের ধারণা, এই বৃষ্টিবলয়টি ৩০ সেপ্টেম্বর পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করেছে এবং ৬ অক্টোবর রংপুর অঞ্চল হয়ে দেশ ত্যাগ করবে। এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।