শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৩ অক্টোবর ২০২৫

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আকাশে বিরল দৃশ্য: মঙ্গল ছুঁইছুঁই ‘থ্রি আই-অ্যাটলাস’ ধূমকেতু

নিউজ ডেস্ক: গত জুলাই মাসে প্রথমবার বিজ্ঞানীদের চোখে ধরা দেয় রহস্যময় ‘থ্রি আই’ বা ‘অ্যাটলাস’ ধূমকেতু। পৃথিবীর অবস্থান করা সৌরমণ্ডলে প্রবেশ করার পর থেকে এটি একে একে বিভিন্ন গ্রহের কাছাকাছি ঘুরছে। এবার তার গন্তব্য মঙ্গলগ্রহ।

শুক্রবার (৩ অক্টোবর) মঙ্গলের একেবারে নিকটবর্তী হবে ধূমকেতুটি। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী জানিয়েছেন, ওইদিন মঙ্গল থেকে মাত্র তিন কোটি কিলোমিটার দূরে থাকবে ‘৩আই-অ্যাটলাস’। পৃথিবী থেকে ধূমকেতুটি দেখা যাবে স্পষ্টভাবেই, যদি আকাশ পরিষ্কার থাকে।

আন্তরনাক্ষত্রিক অতিথি

অ্যাটলাস ধূমকেতু সাধারণ কোনো মহাজাগতিক বস্তু নয়। এটি একেবারেই আন্তরনাক্ষত্রিক—অর্থাৎ অন্য কোনো নক্ষত্রমণ্ডল থেকে ছিটকে এসে ঢুকে পড়েছে আমাদের সৌরমণ্ডলে। বিজ্ঞানীদের মতে, এর বয়স আমাদের সৌরমণ্ডলের থেকেও বেশি।

পৃথিবী থেকে দৃশ্যমানতা

শুক্রবার পৃথিবী থেকে ধূমকেতুটি থাকবে প্রায় ৩৮ কোটি কিলোমিটার দূরে। সূর্যের সঙ্গে এর কৌণিক দূরত্ব হবে ১১ ডিগ্রি। ফলে সূর্যাস্তের পর এটি ভালোভাবেই দৃশ্যমান হওয়ার কথা। তবে যদি এটি সূর্যের কাছাকাছি চলে যায়, তখন আর পৃথিবী থেকে দেখা সম্ভব হবে না—সূর্যের আলোর আড়ালে হারিয়ে যাবে।

সামনে কী ঘটতে চলেছে?

২৯ অক্টোবর : সূর্যের একেবারে নিকটে পৌঁছাবে।

৩১ অক্টোবর : পৃথিবীর বিপরীত দিকে অবস্থান করবে।

১৯ ডিসেম্বর : আবার পৃথিবীর কাছে আসবে, তখন দূরত্ব হবে প্রায় ২৭ কোটি কিলোমিটার।

এরপর ধীরে ধীরে সৌরমণ্ডল ছাড়তে থাকবে এই ধূমকেতু।

শেষবারের মতো দেখা?

বিজ্ঞানীদের ধারণা, শুক্রবারই পৃথিবী থেকে সবচেয়ে স্পষ্ট দেখা যেতে পারে ‘থ্রি আই’ বা অ্যাটলাস ধূমকেতুকে। তবে আবহাওয়ার পরিস্থিতিই নির্ধারণ করবে এই মহাজাগতিক দৃশ্য সত্যিই চোখে ধরা দেবে কি না।

সূত্র : আনন্দবাজার পত্রিকা