শুক্রবার
০৩ অক্টোবর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
এর আগে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। ওয়ানডে সিরিজের দলে বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচকরা। লিটন-ইমন বাদ, নতুন মুখ সাইফ হাসান।
ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা লিটন কুমার দাসকে রাখা হয়নি ওয়ানডে দলে। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমনও।
অন্যদিকে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ রাতেই পাঁচ ক্রিকেটারের যাত্রা
আজ রাতেই পাঁচ ক্রিকেটার—অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন।
তবে বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ভিসা অনুমোদনের অপেক্ষায় আছেন। একই পরিস্থিতিতে আছেন সৌম্য সরকারও। অনুমোদন পেলেই তারা দলে যোগ দেবেন।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।