সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রবিবার

০৫ অক্টোবর ২০২৫

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ফ্যাসিস্টদের দোসররাই চেয়েছিল পূজার শান্তি ভঙ্গ করতে’—স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রোববার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কিছু ফ্যাসিস্ট তাদের সহযোগী ও বুদ্ধিজীবীদের ইন্ধনে কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক উসকানি সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার সতর্ক নজরদারি এবং পূজা মণ্ডপ কমিটি ও গণমাধ্যমসহ সবার সহযোগিতায় আমরা এ চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন, “একটি পার্শ্ববর্তী দেশে দুর্গাপূজার প্রতিমায় আমাদের প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের যে সংবাদ পাওয়া গেছে, অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় তারই যোগসূত্র দেখা যায়। এভাবে চট্টগ্রামে অশান্তি সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করা হয়েছিল।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে কোর কমিটির বৈঠকে নিয়মিত আলোচনা হয়। সেখানে দুর্গাপূজার নিরাপত্তা, চাঁদাবাজি, মাদক, রোহিঙ্গা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, গতবারের মতো এবারও সারাদেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এজন্য সেনাবাহিনী, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, পূজা মণ্ডপ কমিটি, সাধারণ জনগণ এবং গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি।