রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৬ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

হেভিওয়েট প্রার্থী আর জল্পনা–কল্পনার ভিড়ে বিসিবি নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পরিষদ গঠনের নির্বাচন আজ (৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিতর্ক ও নাটকীয়তায় ভরপুর এই নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন হেভিওয়েট প্রার্থী নাজমুল আবেদীন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও ইফতেখার আহমেদ মিঠু।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় ঘোষণা করা হবে এ দুই পদে চূড়ান্ত ফলাফল।

রোববার আদালতের নির্দেশে ১৫ ক্লাবের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মোট ৭৬ ক্লাবের কাউন্সিলর আজ ভোট দিতে পারছেন। তবে যারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন, তারা কেবল ভোট দিতে পারবেন, নির্বাচনে অংশ নিতে পারবেন না।

তামিম ইকবাল, ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীদের সরে দাঁড়ানোয় ঢাকার ক্লাব কোটা বা ক্যাটেগরি-২ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই ফিকে হয়ে গেছে। যদিও এ ক্যাটাগরিতে ১৭ জন প্রার্থী লড়ছেন, যাদের মধ্যে ১২ জন নির্বাচিত হবেন।

অন্যদিকে, জেলা ও বিভাগভিত্তিক ক্যাটেগরি-১ এ মোট ৭২ ভোটে নির্বাচিত হবেন ১০ পরিচালক। তবে ৯ জন ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কেবল রংপুর বিভাগেই ভোট হচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও মোহাম্মদ নুর এ শাহাদাৎ স্বপন।

গত ১ সেপ্টেম্বর তফসিল ঘোষণার পর থেকেই বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজই অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত বিসিবি নির্বাচন। এই ভোটের মধ্য দিয়েই নির্ধারিত হবে দেশের ক্রিকেট প্রশাসনের নতুন নেতৃত্ব।