সোমবার
০৬ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কার বিষয়ক গণভোট একইসঙ্গে আয়োজন করলে সময় সাশ্রয় হবে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে না।
সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে সালাহউদ্দিন আহমদ সরকারের প্রতি আহ্বান জানান, অধ্যাদেশ জারির মাধ্যমে নির্বাচন কমিশনকে (ইসি) গণভোট আয়োজনের দায়িত্ব দেওয়া হোক।
তিনি বলেন, “দুটি ব্যালট হলে জনগণ বিভ্রান্ত হবে”—এ ধরনের ধারণা ভিত্তিহীন। স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালটে ভোট দেওয়া হয়, তাই জনগণ দুটি ব্যালটে সংসদ ও গণভোটে অংশ নিতে প্রস্তুত। শুধু নির্বাচন কমিশনকে যথাযথ প্রচারণা চালাতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচন একটি মহা আয়োজন। গণভোটের জন্য আলাদা আয়োজন করলে জাতীয় নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ থাকবে না। বিষয়টি নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের সুবুদ্ধি উদয় হোক।”
সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখা প্রয়োজন। পাশাপাশি তিনি বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করলে তা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর প্রভাব ফেলবে।