মঙ্গলবার
০৭ অক্টোবর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মোবারক হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গ্রেপ্তার মোবারক নগরের মাইজপাড়া এলাকার বাসিন্দা ফয়েজ আলীর ছেলে। নিহত ফুল মিয়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা ও পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে নগরের মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
র্যাব-৭ জানায় গত ২৮ সেপ্টেম্বর ফুল মিয়ার সঙ্গে বাসার মালিক মোবারকের পানি ও বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়াকে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে, এরপর মোবারক ও তাঁর সহযোগীরা ফুল মিয়ার মরদেহ কৌশলে হাসপাতাল থেকে এনে বাসার নিচতলায় ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মোবারকসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, তদন্তে মোবারককে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ অক্টোবর) রাতে নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর মোবারককে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।