সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৭ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“খালের মাঝেই ভবন নির্মাণ, জলাবদ্ধতার মূল কারণ—মেয়র শাহাদাত”

সিনিয়র রিপোর্টার:: চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে জোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, খালের জায়গা দখল হয়ে গেছে, এমনকি অনেক ক্ষেত্রে খালের মাঝেই ভবন নির্মাণ করা হয়েছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। জনগণের দুর্ভোগ কমানোর স্বার্থে অবৈধ স্থাপনা থাকলে তা অপসারণ করতে চসিক বাধ্য হবে।

মঙ্গলবার দুপুরে টাইগারপাসের নাছির খালের খনন ও পরিচ্ছন্নতা কাজের উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন। এ কাজ হচ্ছে চসিকের সার্বিক সহযোগিতা এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেলের ব্যক্তিগত অর্থায়নে।

ডা. শাহাদাত হোসেন বলেন, “আমার বর্তমান মূল ফোকাস হচ্ছে নগরের জলাবদ্ধতা কমানো, বিশেষ করে নিচু এলাকাগুলোতে। দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতা প্রায় ৫০ শতাংশ কমেছে। এবারের বর্ষায় চট্টগ্রামবাসী আগের বছরের তুলনায় স্বস্তির মুখ দেখেছে। চলমান প্রকল্পগুলো সম্পন্ন হলে আগামী বছর আরও বড় পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, শুধু খাল খনন করলেই সমস্যার সমাধান হবে না। নাগরিকদের অভ্যাসও পরিবর্তন করতে হবে। অনেকেই এখনো ডাস্টবিনে ময়লা ফেলতে অভ্যস্ত নন। পলিথিন ও প্লাস্টিকজাত বর্জ্য খালে ফেলার কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা বাড়ছে।

মেয়র জানান, খাল খনন, ড্রেন সংস্কার ও স্লুইসগেট নির্মাণের কাজ চলছে। আগামী বর্ষার আগেই এর সুফল নগরবাসী পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু বক্কর, ইয়াকুব আলী সিফাত, গাজী শওকত, নজরুল ইসলাম, মহানগর যুবদল নেতা মো. জাবেদ, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।