সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৮ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“নাহিদ ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ: উপদেষ্টা রিজওয়ানা জানালেন সত্য”

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন—এমন অভিযোগ সঠিক নয়। তিনি স্পষ্ট করে বলেন, “আমি কোনো এক্সিট খুঁজছি না। দেশেই ছিলাম, বাকিটা জীবনও বাংলাদেশেই কাটাবো।”

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “সকল রাজনৈতিক দলের মতো নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গেও সরকারের ভালো সম্পর্ক রয়েছে। এখন সেই দলের প্রধান নাহিদ ইসলাম কী কারণে বা কোন অভিমান থেকে উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গ তুলেছেন—এটা তাদের দলের মন্তব্য। সরকারের পক্ষে অনানুষ্ঠানিক কোনো বক্তব্য নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “অনেক রাজনৈতিক দলের নেতা নানা বিষয়ে নানা কথা বলে যাচ্ছেন। এটা বলার অধিকার তাদের আছে, এটাই গণতন্ত্র। প্রতিটা বিষয় নিয়ে আমরা যদি প্রতিক্রিয়া দেখাই, তাহলে আমাদের মন্ত্রণালয়গুলো আমরা কখন চালাবো?”

পরিবেশ উপদেষ্টা জানান, কোনো আনুষ্ঠানিক প্রস্তাব এলে সরকার অবশ্যই তা বিবেচনা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে অনানুষ্ঠানিক মন্তব্যের ভিত্তিতে সরকারের কোনো প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “এই অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। বিচার বিচারের গতিতেই চলছে, সঠিক বিচার হোক সেটাই চাই।”

তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। তবে প্রতিটি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়নি। ঐকমত্য কীভাবে বাস্তবায়ন হবে, সেটিই এখন প্রধান বিষয়।