শনিবার
১১ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দিয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তাদের কিছুই করা হয়নি, শুধু “আনুমানিক দৌড়ানি দেওয়া” হয়েছে।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “জাতীয় পার্টি একটি আবেদন করেছিল, আমরা সেটি গ্রহণ করিনি। রাস্তা দখল করে সমাবেশ করার অনুমতি দেওয়া সম্ভব নয়। মৌখিকভাবে জানানো হয়েছে, রাস্তা বন্ধ না করে কর্মসূচি পালন করতে।
তবে তারা রাস্তার ওপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করেছে। আমরা কয়েকবার সতর্ক করেছি, কিন্তু কোনো কথা শোনা হয়নি। জনভোগান্তি এড়াতে এক পর্যায়ে হালকা দৌড়ানি দেওয়া হয়েছে।”
ডিসি মাসুদ আলম আরও জানান, “যদি এলাকাবাসী সমাবেশে বাধা দেয়, তখন আমরা তাদের সুরক্ষা দিই।”
দুপুর পৌনে চারটার দিকে দেখা যায়, জাতীয় পার্টির কার্যালয়ের ফটক বন্ধ। পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং সমাবেশের জন্য আনা চেয়ার-টেবিল সরিয়ে নিচ্ছেন।
এরপর বিকেল পৌনে পাঁচটার দিকে পুলিশের সামনেই কার্যালয়ের সামনে থেকে দলটির একটি মিছিল বিজয়নগর থেকে পল্টনের দিকে রওনা হয়। একই সময় রাস্তার অন্য পাশ থেকে কয়েকজন ব্যক্তি তাদের ওপর চড়াও হয়, এতে জাতীয় পার্টির একজন আহত হন।
উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া ৩০ আগস্টও একই স্থানে হামলার ঘটনা ঘটেছিল।