শনিবার
১১ অক্টোবর ২০২৫
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বিনোদন ডেস্ক:: ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত। গত মাসের শেষ দিকে খবরটি প্রকাশ্যে আনেন তার ছেলে মিরাজ মইন জয়। এরপর থেকেই শিল্পীসহ সাধারণ দর্শকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
তবে, অভিনেতা কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার অনেক আগেই বিষয়টি জানতেন তার দীর্ঘদিনের সহশিল্পী চিত্রনায়িকা রোজিনা।
গণমাধ্যমে রোজিনা বলেন, “আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। পরে কানাডায় চলে যাই, তবে নিয়মিত তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি, চিকিৎসার অগ্রগতি জেনেছি।”
রোজিনা জানান, সেপ্টেম্বরের মাঝামাঝিতে লন্ডনে কাঞ্চনের সঙ্গে দেখা করেছেন।
তিনি বলেন, “আমি কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে দেখা করি, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও তাকে মানসিকভাবে খুব দৃঢ় মনে হয়েছে। নিয়মিত নামাজ পড়ছেন, ধীরে ধীরে কথা বলছেন। মাঝে মাঝে কিছু কথা ভুলে যান, তবে মোটের ওপর ভালোই দেখেছি।”
এই বর্ষীয়ান অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজিনা আরও বলেন, “কাঞ্চনের সঙ্গে আমার অনেক ছবিতে কাজ হয়েছে। তিনি ভীষণ শান্ত, ভদ্র ও মানবিক মানুষ। কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার কারণেই আজও তিনি দর্শকের হৃদয়ে আছেন।”
বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।