শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রবিবার

১২ অক্টোবর ২০২৫

১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

বিনামূল্যে টাইফয়েড টিকা দিচ্ছে চসিক — লক্ষ্য ২৪ লাখ শিশু

স্টাফ রিপোর্টার: সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। নগর ও জেলার ১৫টি উপজেলায় মোট ২৪ লাখ ৬১ হাজার ৩৪২ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় চন্দনপুরার গুল-এজার বেগম মুসলিম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “ব্যক্তিগতভাবে এই টিকা নিতে হলে প্রায় ১,৪০০ টাকা খরচ হয়। কিন্তু আমরা নগরবাসীর সন্তানদের জন্য তা বিনামূল্যে দিচ্ছি। টাইফয়েড প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ। প্রতিটি শিশু যেন এই টিকার আওতায় আসে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, নগরের প্রতিটি নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সিটি করপোরেশনের অঙ্গীকার। সরকার ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায়: ৮ লাখ ২৯ হাজার ৩০১ জন শিশু, ১৫ উপজেলা এলাকায়: ১৬ লাখ ৩২ হাজার ৪১ জন শিশু।

এই টিকা কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে টিকা নিতে পারবে।

নগরে মোট ১,৫৪৬টি স্কুল ও ৭৮৩টি আউটরিচ সেন্টারে টিকা প্রদান করা হবে। স্কুল শিক্ষার্থী: ৫ লাখ ৩১ হাজার ১৬৭ জন, স্কুল বহির্ভূত শিশু: ২ লাখ ৯৬ হাজার ৭৮৪ জন।

কর্মসূচি বাস্তবায়নে যুক্ত আছেন— স্কুল ক্যাম্পেইনের টিকাদান কর্মী: ৪২০ জন, কমিউনিটি ক্যাম্পেইনের টিকাদান কর্মী: ২১৫ জন, স্বেচ্ছাসেবক: ১,২৫০ জন।

অন্যদিকে উপজেলাগুলোতে ৬ হাজার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ লাখ ৩৪ হাজার ৭১ জন শিক্ষার্থী এবং কমিউনিটিতে ৪ লাখ ৯৭ হাজার ৯৭০ জন শিশুকে টিকা দেওয়া হবে।

এ লক্ষ্যে ১,২১৫ জন প্রশিক্ষিত টিকাদান কর্মী, ১,৮০০ জন স্বেচ্ছাসেবক, ৬০০ জন প্রথম সারির পরিদর্শক এবং ৬০ জন দ্বিতীয় সারির পরিদর্শক মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন।

স্কুল পর্যায়ে এই টিকাদান কার্যক্রম চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।