রবিবার
১২ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের মাঠ পর্যায়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করার জন্য সব প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে আইনের আওতায় আনা হবে।
এছাড়া, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত বডি ওর্ন ক্যামেরা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে তিনদিন মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। ইতোমধ্যে ৬,৫০০ জনকে নিয়ে প্রথম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ব্যাচের ৬,৫০০ জনের প্রশিক্ষণ চলমান রয়েছে। আনসার-ভিডিপি সদস্যদের ‘প্রাক নির্বাচনী প্রশিক্ষণ’ প্রক্রিয়া চলছে, যেখানে অস্ত্রসহ ও নিরস্ত্র মিলিয়ে মোট ৫ লাখ ৮৫ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজিবির ১১০০ প্লাটুনে ৩৩ হাজার সদস্যের নিয়োগ ইতোমধ্যে শুরু হয়েছে এবং সশস্ত্র বাহিনীর মোট ৮০ হাজার সদস্য নির্বাচনে মোতায়েন থাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। শারদীয় দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হয়েছে।
তিনি বলেন, “ফ্যাসিস্ট দলের যে কোনো চক্রান্ত বা সহিংসতা আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতায় রোধ করা সম্ভব হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত।”