সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৬ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘সরকার দুর্বল, ব্যস্ত করে লাভ নেই’ — ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন ঢাকা শহরটাই যেন অবরুদ্ধ। “এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ—সবখানে আন্দোলন, আন্দোলন! এই দুর্বল, অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে কোনো জনগণ নেই। ওদের এত ব্যতিব্যস্ত করে ফেলারও কোনো মানে নেই,” — এমন মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুলের অভিযোগ, “সরকারের একটাই উদ্দেশ্য—যেভাবেই হোক নির্বাচনটা যেন না হয়। কিন্তু জনগণ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। সেই অধিকার আদায়ে বিএনপি কোনো আপস করবে না।”

তিনি বলেন, “জনগণের ভোট দেওয়ার সুযোগ নতুন করে তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—বিএনপি ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। কিছু দল পিআর নিয়ে হৈচৈ করছে, কিন্তু ভোট হবে এক ব্যক্তি এক ভোট— এটাই গণতন্ত্রের মূল কথা।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু শেখ হাসিনা বলেছিলেন, পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন তাকে। প্রতিহিংসা নয়—আমরা ভালোবাসা, মানবতার রাজনীতি করতে চাই।”

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ স্থানীয় নেতারা।