সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৮ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দুপুরে শুরু, সন্ধ্যা পর্যন্ত দাহ—শাহজালাল কার্গোতে আগুন নিয়ন্ত্রণের বাইরে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায়ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন দাউ দাউ করে জ্বলছে, কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৩৭টি ফায়ার ইউনিট, সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে সাড়ে তিন ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণের সময় আনসারের ১৫ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের তাণ্ডবের স্থান হলো কার্গো ভিলেজের সেই অংশ, যেখানে আমদানি করা পণ্য রাখা হয়।

আগুনের কারণে ভিড় জমেছে সাধারণ মানুষ। বিমানবাহিনী মাইকিং করে সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল জানায়, প্রাথমিকভাবে কার্গোতে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

এদিকে আগুনের কারণে বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। ইতিমধ্যেই ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত ও ১টি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা আন্তর্জাতিক ফ্লাইটগুলোও ট্যাক্সিওয়েতে আটকা পড়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।