শনিবার
১৮ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টা থেকে বিমান ওঠানামাও শুরু হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শনিবার রাত ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংস্থাটির ভাষায়, রাত ৯টা ১৮ মিনিটে আগুন “নিয়ন্ত্রণে” আসে।
শনিবার বেলা সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়লে ইউনিটের সংখ্যা বাড়তে বাড়তে ৩৭-এ দাঁড়ায়।
অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল আবার শুরু হয়। দুবাই থেকে আসা একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেন, “আমরা যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালু করার চেষ্টা করছি। আশা করছি আজ রাতেই ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।”
অগ্নিকাণ্ডে কেউ নিহত হননি। তবে আগুন নেভাতে গিয়ে কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।
এদিকে, এই ঘটনায় কোনো নাশকতা বা অগ্নিসংযোগের প্রমাণ মেলে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “যদি নাশকতা বা ইচ্ছাকৃত অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, সরকার তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেবে।”