মঙ্গলবার
২১ অক্টোবর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে “কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসআর)” এর আওতায় “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব উন্নয়ন সভা” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি শনিবার ইএসডিও চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগই তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে টেকসই অবদান রাখতে পারে।
সভায় উপস্থিত ছিলেন বিডিজবস, ইস্পাহানি গ্রুপ, এমএসআরএম, টাটকা মার্ট, বিজিএমইএ, আরবিয়ান কফি, ডটজ, কে.এস.আর.এম, ইনোভেটিভ আইটি, মেটলাইফ, ইউসেপ বাংলাদেশ, শরণ ভেঞ্চার টেকসহ বিভিন্ন শিল্প ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধি।
অনুষ্ঠানে একটি নিয়োগদাতা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হেলাল উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইনোভেটিভ আইটি; সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ওয়াহিদুর রহমান, ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), ইস্পাহানি গ্রুপ এবং জাকির হোসেন সাকিব, প্রতিনিধি, কে.এস.আর.এম।
সভা সঞ্চালনা করেন ইএসআর প্রকল্পের সমন্বয়কারী মো. নাঈম মিয়া।
তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিন কাজ করে আসা মো. হেলাল উদ্দিন বলেন, “তরুণদের কর্মদক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করে দেশের কর্মসংস্থান সুযোগকে আরও প্রসারিত করতে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে।”
সভা শেষে অংশগ্রহণকারীরা তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণে সরকারি-বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।