সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২২ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে ধানের শীষের প্রচারণায় বাধার অভিযোগ, দুই সাংবাদিক হেনস্তা

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণায় বাধা ও সাংবাদিক হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত এক চেয়ারম্যানের অনুসারীদের বিরুদ্ধে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার করেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা চালাচ্ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের মনোনয়নপ্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরীর সমর্থকরা। এ সময় বহিষ্কৃত নেতা নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা তাদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার সময় শাহীদুল ইসলাম চৌধুরীর কর্মীদের হুমকি, কটূক্তি ও গাড়িবহরে হামলা চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এছাড়া, পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল এস–এর মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিন ও দৈনিক ইনকিলাব–এর প্রতিনিধি ইমাম হোসেনকে হেনস্তা করা হয়। অভিযোগ রয়েছে, নাছির উদ্দিনের পকেটে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।

এ বিষয়ে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “আমি শান্তিপূর্ণভাবে ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলাম। নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা ঈর্ষান্বিত হয়ে আমাদের কর্মসূচিতে বাধা দেয় ও হামলা চালায়।”

তিনি আরও বলেন, “করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ইয়াসিন মিজান ও সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলুর নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়।”

অন্যদিকে, অভিযুক্ত ইয়াসিন মিজান অভিযোগ অস্বীকার করে বলেন, “করেরহাটে প্রতি বুধবার আমাদের ধানের শীষের পক্ষে কর্মসূচি থাকে। সেদিন শাহীদ ভাইয়ের কর্মসূচির কথা জানতাম না। একই সময়ে দুটি কর্মসূচি হওয়ায় সামান্য বাকবিতণ্ডা হয়, এর বেশি কিছু না।”

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, “ঘটনার বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরসরাইয়ে বিএনপির ভেতর দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই প্রকাশ্য হয়ে উঠছে। স্থানীয় নেতারা আশঙ্কা করছেন, দলীয় অভ্যন্তরীণ বিভাজন নির্বাচনী মাঠে প্রভাব ফেলতে পারে।

🔹 বি