বৃহস্পতিবার
২৩ অক্টোবর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথবাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. ইয়াহ্ইয়া আখতার।
কেন্দ্রীয় সংসদের মোট ২৬ জন নির্বাচিত প্রতিনিধি শপথ নেন। এছাড়া ১৪টি হল ও একটি হোস্টেল সংসদের ২৩৬ জন প্রতিনিধি শপথ নেওয়ার কথা থাকলেও অনেকে উপস্থিত ছিলেন না।
চাকসু নির্বাচনে ২৬টি কেন্দ্রীয় পদের মধ্যে ২৪টিতেই জয় পায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। ভিপি পদে শপথ নেন ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
সম্পাদকীয় ১৮টি পদের মধ্যে ১৭টিতেই বিজয়ী হন শিবির সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে, সহ-খেলাধুলা সম্পাদক পদে জয়ী হয়ে শপথ নেন ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের তামান্না মাহবুব প্রীতি।
চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, “শপথ অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের কমিশনের দায়িত্ব শেষ হলো।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রদের জন্য ১০টি হল ও একটি হোস্টেল এবং ছাত্রীদের জন্য ৫টি হল রয়েছে। এসব হল ও হোস্টেল সংসদে মোট ২৩৬ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।