সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৪ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর ‘গুজব’ দাবি দলের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দল থেকে পদত্যাগ করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়। সেখানে দলের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, তিনি দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্য-সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে রাতেই এনসিপির পক্ষ থেকে খবরটি ‘ভিত্তিহীন ও অসত্য’ বলে দাবি করা হয়। দিবাগত রাত ২টার দিকে দলের যুগ্ম সদস্য-সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো আমাদের সঙ্গেই আছেন।

তিনি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্বও দেখছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির বিষয়টি সম্পূর্ণ ভুল।”

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদও ফেসবুকে এক পোস্টে গুজবের প্রতিবাদ জানিয়ে লিখেছেন, “কনফার্ম করছি, নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরটি সম্পূর্ণ গুজব। এমন অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রচারের আমরা তীব্র নিন্দা জানাই।”

এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাতে খবরটি ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন, যদিও সেটি এখনো দলের হাইকমান্ড আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।