সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৪ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

টাকা লেনদেনের জেরে এনসিপি সভায় হাতাহাতি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। এ সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতা–কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বংশাল থানার কর্মী মোহাম্মদ ইউসুফ আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন নেতা জানান, মাস তিনেক আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয় নিয়ে কথা বলতে গেলে রিয়ান নামে এক নেতা তাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন। পরে টাকা ফেরত না পেয়ে বংশালের নেতারা ক্ষুব্ধ ছিলেন।

সন্ধ্যায় কনভেনশন হলে রিয়ানকে দেখতে পেয়ে তারা টাকার বিষয়ে প্রশ্ন করলে বাগবিতণ্ডা শুরু হয়, যা হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, “দুটি থানার কয়েকজন নেতা-কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। তাৎক্ষণিকভাবে আমরা থামিয়ে দিই এবং বিষয়টি সমাধান করা হয়েছে।”