সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৮ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মুহাম্মদ ইউনূসের হাতে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশপত্র হস্তান্তর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এই সুপারিশপত্র তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যসহ ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে “গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি” বলে মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকার সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি রোধে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থায় সংস্কারের জন্য ছয়টি পৃথক কমিশন গঠন করে। এই কমিশনগুলোর প্রস্তাবনা সমন্বয়ের লক্ষ্যে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন।

৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি করা হয় ‘জুলাই জাতীয় সনদ’। ৮৪টি প্রস্তাব সম্বলিত এ সনদে ইতিমধ্যে ২৫টি দল ও জোট স্বাক্ষর করেছে এবং সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার জানিয়েছে।

অন্যদিকে, একইদিন খাদ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো ধরনের অনিয়ম হয়নি।