মঙ্গলবার
২৮ অক্টোবর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকায় ভোরে মালবাহী ট্রেনে চালবোঝাই ট্রাকের ধাক্কায় এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে।
ভোর ৪টা ১০ মিনিটে চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) উদ্দেশ্যে ৩১টি কনটেইনার নিয়ে যাত্রা শুরু করে ট্রেনটি। আট মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেটে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে।
এতে দায়িত্বরত সিকিউরিটি গার্ড শামসু মিয়া ট্রাকের চালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শামসু মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে দুর্ঘটনার পর রেলগেইটে গেটম্যানের দায়িত্বপালনে অবহেলা ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনাস্থলে ব্যারিয়ার ভাঙা অবস্থায় পাওয়া গেলেও গেটম্যান সিফাত দাবি করেছেন, তিনি নিয়ম অনুযায়ী গেট নামিয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, “ট্রাকটি অতিরিক্ত গতিতে আসায় সংঘর্ষটি ঘটেছে।”
রেলওয়ের কর্মকর্তারা মনে করছেন, ট্রাকচালকের অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ। তবে কারও অবহেলা ছিল কিনা, তা তদন্ত শেষে নিশ্চিত করা হবে।
বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “গেটম্যানের অবহেলা অথবা ট্রাকের বেপরোয়া গতিই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে পণ্যবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি।
রেলওয়ে কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে যাতে দুর্ঘটনার কারণ স্পষ্ট করা যায়।