মঙ্গলবার
২৮ অক্টোবর ২০২৫
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়াত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিনওয়ান ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চুরি হওয়া মালামালসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম। একইদিন বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- দিনাজপুরের পারবর্তীপুর থানার পরিতোষ রায়ের ছেলে পংকজ রায় (২৭), খলিলপুর দাসপাড়ার ডালিম চন্দ্র দাসের ছেলে সীমান্ত দাস (২২), বোচাগঞ্জ থানার মো. সোলেমান আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (১৯) ও নড়াইলের মাগুরা এলাকার আব্দুল হালিমের ছেলে রিয়াজল ইসলাম (২৮)।
এসময় তাদের কাছ থেকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিনওয়ান ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চোরাই হওয়া ৪টি গোল্ডবাট্টি (সীসা) জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, সোমবার রাতে জোরারগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি ক্যামিকেল ইন্ডাস্ট্রিজের চুরি হওয়া মালামালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।