বুধবার
২৯ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের ‘নোট অব ডিসেন্ট’ সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “এটা কোনো ঐক্য নয়, এটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রতারণা করা হয়েছে।”
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে, তাতে যে বিষয়গুলোতে আমরা দ্বিমত পোষণ করেছিলাম, তা নোট অব ডিসেন্ট আকারে সংরক্ষণের প্রতিশ্রুতি ছিল। কিন্তু অবাক হয়ে দেখলাম, সেই নোটগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এটা ঐকমত্য নয়, বরং জাতিকে বিভক্ত করার প্রয়াস।”
তিনি বলেন, “এতো ত্যাগ, এতো রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে জাতির কল্যাণে কাজে লাগানো যাচ্ছে না। বরং বিভাজন বাড়ছে—এটা অত্যন্ত দুঃখজনক।”
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আপনারা জনগণের সামনে ওয়াদাবদ্ধ। এখনই প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের। যদি সেখান থেকে সরে যান, এর দায়দায়িত্ব আপনাদেরই নিতে হবে।”
তিনি আরও বলেন, “সব সংকটের মূলে আছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমেই গঠিত সংসদ দেশকে নতুন পথে এগিয়ে নিতে পারবে।”
বই প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।