বুধবার
২৯ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


কাইয়ুম হোসেন মিরাজ, রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক মরহুম আশিষ বিশ্বাসের মৃত্যুদাবির চেক তাঁর সহধর্মিণী (নমিনী) টুম্পা বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বাঙ্গালহালিয়া বাজারের চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়।
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাঙ্গাল হালিয়া ইউনিট অফিসের আওতাধীন গ্রাহক আশিষ বিশ্বাস স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর জানার পরপরই প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান এবং দ্রুত দাবি নিষ্পত্তির আশ্বাস দেন।
পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার তিন কার্যদিবসের মধ্যেই প্রতিষ্ঠানটি মৃত্যু দাবির নিষ্পত্তি করে। নমিনী টুম্পা বিশ্বাসকে ৩ লাখ ৭ হাজার ৫০০ টাকার একটি চেক প্রদান করা হয়, যা তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবেও জমা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, সাবেক সভাপতি মো. শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার উত্তম কুমার রায়, রাঙ্গামাটি ব্রাঞ্চ ইনচার্জ মো. সিরাজুল ইসলাম (সিরাজ), চন্দ্রঘোনা ব্রাঞ্চ ইনচার্জ উখ্যাই সিং মারমা এবং রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ।
এ সময় বাঙ্গালহালিয়া ইউনিট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাইছাউ মারমা ও নিরতা তঞ্চাঙ্গা, স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবকরাও উপস্থিত ছিলেন।
অর্থ পেয়ে টুম্পা বিশ্বাস আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “দ্রুত সময়ে দাবি নিষ্পত্তি করায় আমি প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞ।”