বুধবার
২৯ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। টানা চার দফা কমার পর এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এ দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়। নতুন দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।
এর আগে ২০ অক্টোবর সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডে পৌঁছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা হয়েছিল। পরে চার দফায় ২৩ হাজার ৫৭৩ টাকা কমে দাম নেমে আসে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়। একদিন না যেতেই আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৪ হাজার ডলারের উপরে ওঠায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন দামে— ২২ ক্যারেট সোনা: ২,০২,৭০৯ টাকা, ২১ ক্যারেট সোনা: ১,৯৩,৫০৬ টাকা, ১৮ ক্যারেট সোনা: ১,৬৫,৮৬২ টাকা, সনাতন পদ্ধতি: ১,৩৭,৮৪৫ টাকা, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপা: ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপা: ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা: ৩,৪৭৬ টাকা, সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা।