শনিবার
০১ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও আলোচনা সভা।
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এ প্রতিপাদ্যকে ধারণ করে সকালে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। পরে একটি রঙিন শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রাসেল চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, সাংবাদিক রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু ও বিকাশ নাথ।
শিক্ষক শংকর চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক মুজিবুর রহমান ফারুকী, মো. নজির আহমদ, সুমন বড়ুয়া ভূপেল ও বিপ্লব চৌধুরী টিটু। বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক নয়, সামাজিক উন্নয়নেও শক্ত ভিত্তি তৈরি করে। একে এগিয়ে নিতে প্রত্যেকের অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।