মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০১ নভেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সময়মতো শনাক্ত হলে স্তন ক্যান্সার নিরাময়যোগ্য—ডা. শাহাদাত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: স্তন ক্যান্সার প্রতিরোধে সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, “নারীর প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। সচেতনতা বৃদ্ধি ও মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই স্তন ক্যান্সার প্রতিরোধ সম্ভব।”

শনিবার (১ নভেম্বর) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে স্তন ক্যান্সার সচেতনতা মাসের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র শাহাদাত বলেন, “স্তন ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে রোগটি শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কি না তার ওপর। দেরিতে শনাক্ত হলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কমে যায়, পাশাপাশি চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “বিশ্বে প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে নিরাময়ের হার ৯৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। কিন্তু বাংলাদেশের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় নারীরা অনেক সময় লজ্জা বা ভয়ে সমস্যা গোপন করেন, যা প্রাণঘাতী হয়ে ওঠে। এ জন্য নারী-পুরুষ উভয়কেই সচেতনতার আন্দোলনে যুক্ত হতে হবে।”

স্তন ক্যান্সার সচেতনতা বাড়াতে মাসব্যাপী এই আয়োজন করে বেসরকারি বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়া। এতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক মাসে সিএসসিআর হাসপাতালে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণের জন্য ৭০২ জন নারী নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪৫১ জন বিনামূল্যে কনসালটেশন নিয়েছেন এবং নতুন করে ১২ জন রোগী শনাক্ত হয়েছেন—তাদের বয়স ২৫ থেকে ৭২ বছরের মধ্যে।

চিকিৎসা বিশেষজ্ঞরা জানান, নিয়মিত স্বপরীক্ষা, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।