শনিবার
০১ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মরগাং গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহাদাত হোসেন (৩৫)। আটক বড় ভাইয়ের নাম আলী হাসান (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি শাহাদাতের মেয়ে শিশু শ্রেণীর ছাত্রী সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে আলী হাসানের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয়।
এ ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আলী হাসান ক্ষিপ্ত হয়ে গাছের গুঁড়ি দিয়ে ছোট ভাই শাহাদাতকে সজোরে আঘাত করেন।
এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর জোরারগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওচমানপুর এলাকা থেকে অভিযুক্ত আলী হাসানকে আটক করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, “পারিবারিক কলহের জেরে বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”