শনিবার
০১ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন বাহিনীকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, বৈঠকে জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রম করেছে।
তিনি নির্দেশ দেন, আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে তিন বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন যেন নিরাপত্তার চাদরে ঢাকা থাকে— সেটিই আমাদের অগ্রাধিকার। দেশের মানুষ যেন ভয়ের বাইরে থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
বৈঠকে তিন বাহিনী প্রধান জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর কিছু সদস্য মাঠে থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন করা হবে।
প্রধান উপদেষ্টা তিন বাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় তাদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।
বৈঠকের শেষে তিন বাহিনী প্রধান আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।