সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৩ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আগামী নির্বাচনের ওপরই নির্ভর করছে গণতন্ত্রের ভবিষ্যৎ: সিইসি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ এখন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কীভাবে হাঁটবে, তা আগামী জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “নির্বাচনে আনসার সদস্যদের বিশাল ভূমিকা থাকবে। সংখ্যার দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় বাহিনী। গতানুগতিক ধারায় কাজ করলে হবে না— এর বাইরে গিয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের পথে দেশ কীভাবে হাঁটবে, তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব, সেই চিন্তা আমাকে সব সময় ভাবায়। এই দায়িত্বকে আমি চাকরি নয়, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এমন ক্রিটিক্যাল অবস্থায় প্রচলিত ধারায় কাজ করলে হবে না।”

সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক দলের সহযোগিতার ওপর জোর দিয়ে সিইসি বলেন, “রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনও একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। প্রায় ১০ লাখ লোক নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকবেন। যারা জেলে আছেন এবং প্রবাসী ভোটারদের জন্য এবার অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।”

তিনি জানান, ১৬ নভেম্বর পোস্টাল ব্যালটের অ্যাপ উদ্বোধন করা হবে। “পোস্টাল ব্যালটে যারা দায়িত্বে থাকবেন তারা ভোট দিতে পারবেন। তাঁদের বাড়ির ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছে যাবে,” বলেন সিইসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলেই যাচাই-বাছাই ছাড়া শেয়ার করবেন না। এটা এখন মানুষের অভ্যাস হয়ে গেছে। আমরা এআই অপব্যবহার রোধে একটি সেল খুলেছি— সেখানে যোগাযোগ করে যে কোনো ঘটনার সত্য-মিথ্যা যাচাই করা যাবে।”