মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি করতে আগ্রহীদের জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর দেশবাসী ও দলের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, “আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি শাপলা কলি মার্কায়। ইনশাআল্লাহ, ৩০০ আসনেই আমরা প্রার্থী দেব। জাতীয় নাগরিক পার্টি আপনার, আমার—সবার দল। যারা নতুনভাবে রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুন করে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”
তিনি জানান, চলতি মাসের মধ্যেই এনসিপি প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। “শাপলা কলি মার্কায় দেশের প্রতিটি আসনে আমরা যোগ্য, সৎ ও দেশপ্রেমিক প্রার্থী দেব,” বলেন তিনি।
দলের নিবন্ধন প্রাপ্তিতে সারাদেশের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “দীর্ঘদিনের চেষ্টার পর আমরা অবশেষে নিবন্ধন পেয়েছি। এখন থেকে আমরা একটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত রাজনৈতিক দল, এবং ‘শাপলা কলি মার্কা’ আমাদের প্রতীক।”
নির্বাচন কমিশনের সঙ্গে প্রাপ্তি-প্রক্রিয়ার সময় ‘ঠাণ্ডা লড়াই’য়ের কথাও তুলে ধরেন তিনি। বলেন, “আমাদের প্রত্যাশিত মার্কা ‘শাপলা’ দিতে বিলম্ব করায় নির্বাচন কমিশনের সঙ্গে কিছুটা জটিলতা ছিল। অবশেষে মাস দেড়েক আগে নিশ্চিত হই, আমরা নিবন্ধন পাচ্ছি। আজ আমরা ‘শাপলা কলি মার্কা’তে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি।”
নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, জনগণের ভালোবাসা, নেতাকর্মীদের পরিশ্রম এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়ার শক্তিতে খুব শিগগির এনসিপির বিজয় আসবে।