মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৫ নভেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম-৯ আসনে শামসুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি তুলল ১৫টি সংগঠন

নিউজ ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্য ও স্থানীয় স্বার্থ রক্ষায় শিল্পপতি আলহাজ্ব মো. শামসুল আলমকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী–বাকলিয়া–আংশিক ডবলমুরিং) আসনে বিএনপির প্রার্থী করার দাবি জানিয়েছে বৃহত্তর চট্টগ্রামের ১৫টি সংগঠন।

সংগঠনগুলো বলেছে, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং এই অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর বসতি সবচেয়ে বেশি বৃহত্তর বাকলিয়া এলাকায়, যা বহুদিন ধরেই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকেই বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীত্বও পান।

২০০৮ সালের সেনাসমর্থিত সরকারের সময় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন ইলিয়াস ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি আলহাজ্ব শামসুল আলম। ওই নির্বাচনে তিনি রেকর্ড সংখ্যক ভোট পেলেও তথাকথিত নিয়ন্ত্রিত নির্বাচনে তাকে জয়ী হতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

সংগঠনগুলো অভিযোগ করে বলেছে, “আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরে আলহাজ্ব শামসুল আলম এবং তার ব্যবসা প্রতিষ্ঠান অন্যায়ভাবে ক্ষতির মুখে পড়েছে। একমাত্র কারণ—তিনি বিএনপির হয়ে নির্বাচন করেছেন।”

স্বাধীনতার পর থেকে ইলিয়াস ব্রাদার্স পরিবার ব্যবসা ও সমাজসেবায় দেশের একটি ঐতিহ্যবাহী নাম বলে উল্লেখ করে তারা জানায়, পরিবারের এই উত্তরসূরি আলহাজ্ব শামসুল আলম রাজনৈতিকভাবে ত্যাগী, এবং দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।

বৃহত্তর চট্টগ্রামের ১৫টি সংগঠন থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, “চট্টগ্রামবাসীর কল্যাণ ও ঐতিহ্য রক্ষায় আমরা আলহাজ্ব শামসুল আলমকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই।”

বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো—চট্টগ্রাম সাংস্কৃতিক ঐক্যজোট, চট্টগ্রাম ক্রীড়াঙ্গন বাঁচাও আন্দোলন, সেইভ দ্য খাতুনগঞ্জ, খাতুনগঞ্জ তৃণমূল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমিতি, চট্টগ্রাম বাইন্ডিং শ্রমিক অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম পোশাক শ্রমিক সংগঠন, চট্টগ্রাম অটোরিকশা চালক সমিতি, চট্টগ্রাম কচি-কাচার মেলা, চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ পরিষদ, কর্ণফুলী নদী রক্ষা সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম ফার্নিচার শিল্প শ্রমিক সংগঠন, চট্টগ্রাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণ পরিষদ, চট্টগ্রাম ইমাম-মোয়াজ্জেম কল্যাণ ফোরাম, সিআরবি রক্ষা সংগ্রাম পরিষদ এবং হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবার।

সংগঠনগুলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্বশীল নেতাদের প্রতি শামসুল আলমকে চট্টগ্রাম-৯ আসনে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন।