রবিবার
০৯ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ফ্যাসিবাদী গোষ্ঠী আবারও দেশে বিশৃঙ্খলা বা অপরাধের চেষ্টা করলে জনগণই তাদের প্রতিরোধ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরপেক্ষ ও উৎসবমুখর ভোট আয়োজনের লক্ষ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শনিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাসিবাদী গোষ্ঠীর আন্দোলন ও ব্লকেডের হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইজিপি এসব কথা বলেন।
বাহারুল আলম বলেন, “ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে গণমানুষের প্রতিরোধে। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তাদের উৎখাত হয়েছে। পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী গোষ্ঠী যদি দেশে আবার বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করে, তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে।”
তিনি আরও বলেন, “দেশের নিরাপত্তা ও জনগণের সুরক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং করে যাবে। যেসব ফেসবুক পেজ থেকে পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে, গোয়েন্দারা ইতোমধ্যে সেগুলো চিহ্নিত করে নজরদারিতে রেখেছে।”
আইজিপি বলেন, “আমাদের সমাজে আইন মান্যতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ৯০ শতাংশ মানুষ যদি নিয়ম মেনে চলে, তাহলে বাকি ১০ শতাংশ অপরাধীদের মোকাবিলায় পুলিশ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে।”
নির্বাচন চলাকালে নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, “দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এই প্রথম নির্বাচনের নিরাপত্তা বিষয়ে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কারণ, এটা এমন দায়িত্ব যার ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন বানচালের চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে আইনসঙ্গতভাবে যতটুকু যাওয়া দরকার, আমরা ততটুকুই যাব।”
আইজিপি জানান, আসন্ন নির্বাচনে প্রায় দেড় লাখ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্বে থাকবেন।