রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৯ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বাংলাদেশের কড়া জবাব: রাজনাথের মন্তব্য গঠনমূলক নয়

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে ‘অযথার্থ’ ও ‘শিষ্টাচারহীন’ হিসেবে কড়া জবাব দিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম শনিবার বলেন, “আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়।”

রাজনাথ সিং ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, “আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে মুহাম্মদ ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।” সাক্ষাৎকারটি শুক্রবার নেটওয়ার্ক১৮-এর ফার্স্টপোস্টে প্রকাশ করা হয়।

মুখপাত্র মাহবুবুল আলম আরও বলেন, “বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমে সমাধান করা সবচেয়ে কার্যকর।”