সোমবার
১০ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত দিতে খুব বেশি সময় নেব না। নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।”
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার কারণে অনিশ্চয়তা তৈরি হয়। সরকার সাত দিনের সময় দিয়েছিল দলগুলোকে মতৈক্যে পৌঁছানোর জন্য। সেই সময়সীমা শেষ হয়েছে সোমবার।
রিজওয়ানা হাসান বলেন, “অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। যেসব বিষয়ে হয়নি, সেগুলোতে দলগুলোকে একসঙ্গে বসে সমাধান বের করতে বলা হয়েছিল। যেহেতু সাত দিন পার হয়ে গেছে, এখন সরকারই আলোচনায় বসে সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, “সরকার সম্ভাব্য সমাধান মাথায় রেখে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে, এবং খুব শিগগিরই তা জানিয়ে দেওয়া হবে।”
সরকার সিদ্ধান্ত আরোপ করছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “কেউ তো বলেনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। সরকারের দায়িত্ব হলো অচলাবস্থা কাটিয়ে তোলা। তাই সরকার যেটা ভালো মনে করবে, সেটাই সিদ্ধান্ত নেবে।”
তিনি যোগ করেন, “জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনা করেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”