শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৬ নভেম্বর ২০২৫

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দুর্বল পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত—‘অপরিহার্য সিদ্ধান্ত’ বললেন গভর্নর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কোনো বিকল্প পথ ছিল না।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট–এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, “ব্যাংকগুলো একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না। সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ফল নিয়ে আসবে।”

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতকে সমৃদ্ধ ও গতিশীল করতে সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা। বিনিয়োগকারী, আমানতকারী ও ব্যাংক কর্মকর্তা—সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়।

এর আগে, ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক—কে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

পরে ৯ নভেম্বর গভর্নরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের বিশেষ অনলাইন সভায় এ পাঁচটি ব্যাংককে একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের বিষয়ে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। নতুন ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে।