মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) এএনআই–কে তিনি বলেন, “এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে। এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।”
শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হলেও বাঙালির সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত এবং তিনি একজন “প্রগতিশীল মুসলমান”—যিনি কখনোই চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা শেখ হাসিনাকে ঘিরে প্রকাশিত রায়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
বিবৃতিতে বলা হয়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
তারা আরও জানায়, এই লক্ষ্যে বাংলাদেশ–সংক্রান্ত সব পরিস্থিতিতে ভারতের অবস্থান সব সময়ই শান্তি, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে।
রায় ঘোষণার পর বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতেও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।