বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর রামপুরায় ভিক্টর পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
আগুন লাগার পর বাসটির ভেতর থেকে থেমে থেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আকস্মিক এসব শব্দে আশপাশের লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আগুন দেখে তারা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান। আগুন লাগার পরপরই একাধিক বিকট শব্দ তারা শুনতে পান। তাদের ধারণা, আতঙ্ক সৃষ্টি করতেই বাসটিতে আগুন দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, আগুনের খবর ফায়ার সার্ভিসে পৌঁছে গেছে। পরে রাত ১০টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
কীভাবে আগুন লেগেছে বা এর পেছনে নাশকতার কোনো ইঙ্গিত আছে কি না—তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা হবে বলে পুলিশ জানিয়েছে।